রচনা-লকেটের নাম ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়া ভোরে উঠেছে মিমে

লোকসভা ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের হুগলিতে তীব্র উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির অভিনেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের লড়াই

রাজনীতির ময়দান ছাড়িয়ে সোশ্যাল মিডিয়াতেও জমে উঠেছে।

ভোটের প্রতিদ্বন্দ্বী হলেও, অতীতে একই ছবিতে অভিনয় করেছেন রচনা ও লকেট। ভোটের মরসুমে দুই অভিনেত্রীর পুরনো ছবির ক্লিপিং দিয়ে মিমের বন্যা বইছে ফেসবুকে। ব্রিগেড থেকে রচনার নাম ঘোষণার পর থেকেই নেটিজনদের তৈরি মিমে জমে উঠেছে দুই তারকা প্রার্থীর লড়াই।

তৃণমূলের নেতা-কর্মীরা সম্প্রতি একটি বাংলা টিভি চ্যানেলে সম্প্রচারিত মুখ্যমন্ত্রীর সঙ্গে রচনার একটি রিয়্যালিটি শোয়ের ক্লিপিংস ভাইরাল করে ভোটের আগেই লড়াইয়ের পারদ চড়িয়ে দিয়েছেন।

যদিও এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না দুই প্রার্থী। লড়াইয়ের ময়দানে সৌজন্য রাখার পক্ষপাতী দু’জনেই।

এই লড়াইয়ের ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে। তবে এখনই স্পষ্ট, হুগলির লড়াই এই নির্বাচনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

সে প্রসঙ্গে রচনা বলেন, ‘আমি রাজনীতির ক্ষেত্রে সব জানি, এমনটা জাহির করার চেষ্টা করব না। আজকে সন্দেশখালি একটা ইস্যু। এটাই শেষ নয়। আরও অনেক ইস্যু নিয়েই বিরোধীরা আগামী দিনে প্রশ্ন ছুড়ে দেবেন। সেটাই রাজনীতির লড়াই। তবে আমি ডিসেন্ট লড়াইয়ে বিশ্বাস করি। নোংরামি করা, গালাগাল দেওয়া, অসভ্যতা করা আমার স্বভাবে নেই।’

লকেটের সঙ্গে তাঁর লড়াই নিয়ে বলেন, ‘ওর সঙ্গে কাজ করার অনেক স্মৃতি আছে। রাজনীতি সরিয়ে রেখে, দু’জনে একটা ঘরে বসে গল্প করলে মনে হয়, পুরোনো সব কথা নিয়ে অনেক হাসাহাসি হবে। কিন্তু রাজনীতিতে ওঁর সঙ্গে লড়তেও সমস্যা নেই।’

তাঁর বক্তব্য, ‘লকেট রাজনীতির ক্ষেত্রে অভিজ্ঞতায় আমার চেয়ে এগিয়ে। কিন্তু আমি কী পারব বা পারব না, সেটা জানি।’ এ দিন লকেটও বলেন, ‘আমি ও রচনা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি ইন্ডোর ও আউটডোরে। ব্যক্তিগত কোনও লড়াই নেই। আমি মোদীর সৈনিক।’