মুখে ৩ রাজনৈতিক দলের নাম, কোন পার্টিতে ‘যোগ’ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

মাস তিনেক ধরে জল্পনা চলছিল, অবশেষে রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে ঘোষণা করলেন, তিনি পদত্যাগ করছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তিনি রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন।

বৃহত্তর ময়দানে মানুষের কথা বলতে চান তিনি। কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন সে বিষয়ে সোমবার দুপুর দেড়টায় সব প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন।

বামপন্থী মনোভাবাপন্ন এই বিচারপতি সিপিএমের হয়ে লড়বেন বলে অনেকেই মনে করছেন। যাদবপুর থেকে তিনি প্রার্থী হতে পারেন। তবে সিপিএমের টিকিট পেলেও তিনি কি জয়ী হতে পারবেন তা নিয়েই নীচুতলার বামপন্থীদের মধ্যে চর্চা চলছে।

২৫ জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-এর সাথে তুমুল বিতর্ক হয়েছিল। সেখানে অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন, “আপনি বিজেপির হয়ে লোকসভা ভোটে লড়ছেন বলে আমাদের কাছে খবর আছে।”

বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন বলেছিলেন, “কেউ কখনও তাঁকে ভোটে দাঁড়ানোর জন্য যোগাযোগ করেনি।”

তবে একটি সূত্রে দাবি, তিনি বিজেপিতে যাচ্ছেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, রাজ্যের শাসকদলই তাঁকে খোলা ময়দানে নেমে লড়াইয়ের চ্যালেঞ্জ করেছে। সেই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন।

তিনি তৃণমূলের হয়ে ভোট লড়ছেন না সেটা স্পষ্ট।

কংগ্রেসের হয়ে লড়াই করার প্রস্তাবও পেয়েছেন তিনি।

বিজেপি তাঁকে নিশ্চিন্ত আসন দিতে পারে বলে মনে করছেন অনেকে।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, “এখানে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। বামদল রয়েছে , কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, ছোট ছোট অন্য অনেক রাজনৈতিক দল রয়েছে। তারা যদি মনে করেন আমাকে টিকিট দেবেন তখন আমি ভেবে দেখব সেই প্রার্থীপদ আমি নেব কি নেব না। আজই এই নিয়ে চূড়ান্ত কিছু বলব না।”

অবসরের সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে আসার কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই ব্যাখ্যা করেছেন।