কলকাতার বুকে ফের উঠে এলো অতীতের সাক্ষী, উদ্ধার হল উনবিংশ শতাব্দীর রহস্যময় কামান!

কলকাতার বুকে লুকিয়ে ছিল রহস্যের আঁধারে ঢাকা এক ঐতিহাসিক কামান! উনবিংশ শতাব্দীর এই কামানটি সম্ভবত কোনও রাজ পরিবারে ব্যবহৃত হত। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের কাছ থেকে এটি উদ্ধার করা হয়।

কলকাতা ইতিহাসের শহর। ব্রিটিশ যুগ বা তারও আগের নানা নিদর্শন এখনও লুকিয়ে আছে শহরের বিভিন্ন কোণে। এই কামানটিও সেই রহস্যের অংশ। ধারণা করা হচ্ছে, এটি উনবিংশ শতাব্দীতে ব্যবহৃত হত। তবে কোনও নির্দিষ্ট যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল কিনা, তা এখনও অজানা।

রাজ্যের অ্যাডমিনিস্ট্রের জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় ক্যামাক স্ট্রিট থেকে এটি উদ্ধার করেন। কামানটির দুই দিকেই চাকা লাগানো আছে এবং মুখের কাছে একটি গোলা আটকে রয়েছে। খবর দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে। যৌথ উদ্যোগে কামানটি উদ্ধার করে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের দশ তলায় রাখা হয়। পরে এটি স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে স্থান পাবে।

এর আগেও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিটিশ ও মুঘল আমলের কামান উদ্ধার করা হয়েছে। এই কামানটি ঢালাই লোহার তৈরি এবং এর মুখে ৯ পাউন্ডের গোলা ভরে ফায়ার করা হতো। ধারণা করা হচ্ছে, কোনও রাজার আমলেই এটি ব্যবহৃত হতো।