মঙ্গলকামনায় ১১০০ টাকা না পেয়ে দুধের শিশুকে হত্যা, বৃহন্নলার বিরুদ্ধে তীব্র শাস্তির দাবি

২০২১ সালে দক্ষিণ মুম্বইয়ের কাফ প্যারেড এলাকায় তিন মাসের শিশু খুনের অভিযোগে এক বৃহন্নলাকে দোষী সাব্যস্ত করেছে একটি আদালত। দোষী সাব্যস্ত করা হলেও, শাস্তি ঘোষণা করা হয়নি। আগামী ২৩ ফেব্রুয়ারি আদালত শাস্তি ঘোষণা করবে।
২০২১ সালের ৮ জুলাই, কান্নু নামে এক বৃহন্নলা নবজাতকের মঙ্গল কামনায় শচীন নামে এক ব্যক্তির বাড়িতে আসেন।কান্নু শাড়ি, নারকেল এবং ১১০০ টাকা দাবি করেন। শিশুর বাবা টাকা দিতে অস্বীকার করলে কান্নুকে ঘর থেকে বের করে দেওয়া হয়। প্রতিশোধ নেওয়ার জন্য, কান্নু তার বন্ধু সোনুর সাথে মিলে শিশুটিকে অপহরণ করে। তারা শিশুটিকে একটি ড্রেনে ফেলে দেয়, পরের দিন সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে কান্নু ও সোনুকে চিহ্নিত করে। কান্নু খুনের কথা স্বীকার করে। দীর্ঘদিন মামলা চলার পর বৃহস্পতিবার কান্নুকে দোষী সাব্যস্ত করা হয়। সোনুকে প্রমাণের অভাবে জামিন দেওয়া হয়।
২৩ ফেব্রুয়ারি আদালত কান্নুর শাস্তি ঘোষণা করবে। মৃত শিশুর পরিবারের আইনজীবী কান্নুর জন্য চরম শাস্তির দাবি করেছেন।