ইন্ডিয়ান অয়েলের পাইপলাইনে চোরের ফাঁদ, ৪০ মিটার সুড়ঙ্গ খুঁড়ে প্রতিদিন হাজার হাজার লিটার তেল চুরি!

দিল্লি পুলিশ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (IOCL) পাইপলাইন থেকে তেল চুরির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিদিন বেআইনিভাবে কয়েক হাজার লিটার তেল চুরির অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালের ৪ অক্টোবর IOCL দিল্লি পুলিশের কাছে অভিযোগ করে যে তাদের পাইপলাইন ফুটো করে তেল চুরি করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করে এবং ৭ জনকে গ্রেফতার করে। জেরায় অভিযুক্তরা স্বীকার করে যে তারা প্রায় ৪০ মিটার সুড়ঙ্গ তৈরি করে তেল চুরি করত।

পুলিশ আদালতে পেশ করা চার্জশিটে জানায় যে ২০২২ সাল থেকে অভিযুক্তরা তেল চুরির পরিকল্পনা করছিল। প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার লিটার তেল চুরি করা হয়েছিল। তেল চুরির মাস্টারমাইন্ড ছিল সুদেশ গুপ্ত। সে IOCL পাইপলাইনের কাছে একটি দোকান ভাড়া নিয়েছিল এবং দোকানের মালিক নরেশের সঙ্গে যোগসাজস করে তেল চুরি করত।

মুরাদি এবং ববি নামে দুই ব্যক্তি সুড়ঙ্গ তৈরির কাজে সাহায্য করেছিল। চুরির তেল পোচনপুর গ্রাম এবং বিজবাসন তেল ডিপোতে সরবরাহ করা হত। সুদেশ, রশিদ এবং রাম নামে তিন ব্যক্তি চুরির তেল গ্রাহকদের কাছে পৌঁছে দিত।

সন্দেহ এড়াতে চুরির তেল ছোট প্যাকেটে সংরক্ষণ করে ট্র্যাক্টর বোঝাই করা হত। এই ঘটনাটি IOCL-এর জন্য একটি বড় ধাক্কা। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে।