সরকারি আধিকারিক সেজে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৩

মঙ্গলবার শিলিগুড়িতে জিএসটি ও সরকারি আধিকারিক সেজে তোলাবাজি করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পার্থ ঘোষ, রূপেশ তিরকি ও শুভজিৎ ঘোষ। তিনজনই শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে সরকারি বোর্ড লাগিয়ে তিন যুবক তোলাবাজি করছিল। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় গাড়ির মধ্যে সরকারি বোর্ডগুলি লাগিয়ে ঘুরত তিনজন। এদিন পুলিশ তিনজনকে গ্রেফতারের পাশাপাশি একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে। গাড়ি থেকে একটি সরকারি বোর্ড পেয়েছে পুলিশ। সেই বোর্ডে লেখা ছিল ‘অন গভমেন্ট ডিউটি, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, নর্থ বেঙ্গল’।
ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের কোথায় কোথায় যাতায়াত ছিল, কাদের সঙ্গে যোযাযোগ ছিল, সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
এই ঘটনায় ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গতমাসে পুলিশ আধিকারিক সেজে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার পুলিশ।
এই ধরনের ঘটনা থেকে সাবধান থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। যদি কেউ আপনার কাছে সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দেয় এবং টাকা দাবি করে, তাহলে তাদের পরিচয় যাচাই করে নিন। এবং সন্দেহ হলে পুলিশকে জানান।