IT-কর্মীদের মাথায় হাত! মার্চের আগেই কমে গেল 40 শতাংশ বেতন?

বিশ্ব ব্যাপী আর্থিক মন্দার প্রভাব এখন তথ্য প্রযুক্তি শিল্পেও স্পষ্ট। বেতন হ্রাস এবং ছাঁটাইয়ের আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে এই শিল্পের কর্মীদের। চলতি বছরে এই সমস্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

The Economic Times-এর প্রতিবেদন অনুযায়ী, তথ্য প্রযুক্তি শিল্পে ৩০ থেকে ৪০ শতাংশ বেতন কমতে পারে। প্রথমে এই প্রভাব পড়বে বছরে কোটি টাকা পারিশ্রমিক প্রাপ্তদের উপর। এর ফলে বিদেশে চাকরি করতে যাওয়া ভারতীয়দের সংখ্যাও কমতে পারে।

কোভিড পরবর্তী সময় ২০২১-২২ অর্থবর্ষ থেকেই তথ্য প্রযুক্তি শিল্পে কম বেতনে নিয়োগ শুরু হয়। প্রথম পর্যায়ে স্টার্টআপগুলো প্রচুর টাকার বিনিয়োগ করে লোক নিয়োগ করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রবণতাও বন্ধ হয়ে গিয়েছে।

ABC কনসালটেন্টের একজন শীর্ষ কর্তা রত্না গুপ্ত জানিয়েছেন, “তথ্য প্রযুক্তি শিল্পে শীর্ষ আধিকারিক স্তরের কর্মীদের বেতন কমেছে বা তাদের ছাঁটাই করা হয়েছে। নীচের স্তরের কর্মীদের উপর এর কোন প্রভাব পড়েনি। যারা কাজ হারিয়েছেন তাদের সিংহভাগই স্টার্টআপের সঙ্গে যুক্ত।”

গত এক বছরে মন্দার জেরে বিশ্বের তাবড় টেক কোম্পানিগুলো বিপুল পরিমাণ ছাঁটাই করেছে। Googleও এই তালিকায় রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩-র পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫৭টি তথ্য প্রযুক্তি কোম্পানি থেকে ৩৯ হাজার ৬০৮ জন কাজ হারিয়েছেন।

মন্দার জেরে টেক কোম্পানিগুলোর সঙ্গে করা চুক্তি বাতিল করছে বেশ কিছু সংস্থা। এর ফলে কমছে সফটওয়্যারের চাহিদা। Infosys-এর ক্ষেত্রেও তাই ঘটেছে। মাস দুই আগে ১.৫ বিলিয়ান ডলারের একটি চুক্তি হাতছাড়া হয় এই বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার।

বিশেষজ্ঞদের দাবি, মন্দা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র মতো অত্যাধুনিক প্রযুক্তি চলে আসায় চ্যালেঞ্জের মুখে পড়েছে এই শিল্প ক্ষেত্র। AI-র জন্য তথ্য প্রযুক্তি বা টেক জায়েন্ট কোম্পানিগুলিতে ছাঁটাইয়ের মাত্রা আরও বাড়বে বলে দাবি করেছেন তাঁরা।