সন্দেশখালির মহিলাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা প্রধানমন্ত্রীর? শুভেন্দুর দাবি ঘিরে শুরু জল্পনা

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তিনি বাংলায় এসে উত্তর ২৪ পরগনা যেতে পারেন এবং সন্দেশখালির মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।তবে প্রধানমন্ত্রীর সফরের তারিখ তাঁর কার্যালয় থেকে ঠিক করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

এদিকে একটি সূত্র মারফৎ ওই সংবাদমাধ্যম জানতে পেরেছে যে আগামী ৭ মার্চ বারাসত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী।শুভেন্দু মঙ্গলবার হাইকোর্টের অনুমতি পেয়ে সন্দেশখালি যাচ্ছেন। তাঁর সঙ্গে আরও ৫ জন বিধায়ক সেখানে যাচ্ছেন বলে জানা গিয়েছে।গত সপ্তাহের ২ বার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু। তারপরেই আদালতের দ্বারস্থ হন তিনি।

লকেটের অভিযোগ:
দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখার সময় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাবি করেন যে, যৌন নিপীড়নের অভিযোগকারিণীরা সাংবাদমাধ্যমে মুখখোলার পড়ে তাঁদের বাড়িতে হামলা চালান হয়েছে।

মমতার বক্তব্য:
এই ঘটনায় ইতিমধ্যেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির সঙ্গে নিয়ে বিজেপি সেখানে ঢুকে অশান্তি পাকিয়েছে বলে অভিযোগ করেছেন।

সন্দেশখালিতে রেশন বণ্টন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিকে কেন্দ্র করে গত মাসের প্রথম দিকে উত্তেজনা ছড়ায়।সেখানে ইডির প্রতিনিধি দলের ওপরে হামলা চালান হয়। আহত হন ইডি আধিকারিকরা।সেই ঘটনার পর থেকেই কোনও হদিশ নেই শেখ শাহজাহানের।শেখ শাহজাহানের অনুপস্থিতিতে এলাকার মহিলারা যৌন নির্যাতন ও জমি দখল করে ভেরি তৈরির অভিযোগে আন্দোলনে নামেন।শেখ শাহহাজানের পাশাপাশি শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধেও আন্দোলনে নামেন তাঁরা।ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শিবু হাজরা ও উত্তম সর্দারকে।এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক শাসক বিরোধী তরজা শুরু হয়েছে।লাগাতার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে চলেছে বিজেপি।পালটা আক্রমণে নেমেছে তৃণমূলও।