Weather: চলতি মাসেই গায়েব শীত, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

গত দু’মাস ধরে উত্তর ভারতের মানুষ হাড়কাঁপানো শীতের কবলে ছিল। প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা নতুন নতুন রেকর্ড স্পর্শ করছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতাও কমে এসেছিল। কিন্তু এরপর থেকে আবহাওয়ার মেজাজ দ্রুত বদলে গেছে। তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে এবং ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

কিন্তু আবহাওয়ার খেলা এখানেই শেষ নয়। আবহাওয়া দপ্তর (IMD) পূর্বাভাস দিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।

IMD পূর্বাভাস দিয়েছিল যে এই সপ্তাহে দিল্লিতে ঝড়ো বৃষ্টি হবে। দিল্লি-NCR সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে এবং এটি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে। দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। ঝোড়ো হাওয়াও বইতে পারে।

দিল্লি-NCR ছাড়াও, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান এবং উত্তর প্রদেশেও একই রকম আবহাওয়া দেখা যাবে। IMD-র পূর্বাভাস অনুসারে, এই রাজ্যগুলিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

এদিকে, সমতল ভূমিতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিন এই রাজ্যগুলিতে আবহাওয়ার চরম পরিবর্তন দেখা যাবে।

IMD-র চলতি মরশুমের শীতের পূর্বাভাস অনুসারে, আবহাওয়ার এই পরিবর্তনের কারণ হল নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা।

২১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।