জঙ্গল থেকে লোকালয়ে হাতির তাণ্ডব, বিঘার পর বিঘা ফসল নষ্ট, মাথায় হাত কৃষকদের

রবিবার রাতে হাতির দল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সীতানগর, ধামকুড়িয়া, গড়বেতা প্রভৃতি এলাকায় চাষের জমিতে ঢুকে তাণ্ডব চালায়। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
জানা গেছে, ২০ থেকে ২৫ টি হাতির দল গড়বেতার আমশোলর জঙ্গল থেকে ওই সমস্ত এলাকাগুলিতে ঢুকে পড়ে। এই সময় প্রচুর জমিতে আলু চাষ হয়েছে। হাতির পালের পায়ে পিষে বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন কৃষকরা।
এদিকে, ঘটনা পরপরই বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। স্থানীয়রা চাইছেন দ্রুত হাতিগুলি জঙ্গলে ফিরে যাক। তা না হলে তারা আরও বড় ক্ষতির সম্মুখীন হবেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এই বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি অলক ঘোষ জানিয়েছেন, কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান সেই বিষয়টি খতিয়ে দেখবেন।