IPL-এ ভালো খেললেই সুযোগ নয়, জাতীয় দোলে সুযোগ পেতে মানতে হবে নিয়ম? জানিয়ে দিল বিসিসিআই

রঞ্জি ট্রফি, দিলুপ ট্রফির মতো ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএল নিয়ে মেতে থাকার সুযোগ নেই। ঘরোয়া ক্রিকেট থেকে চোখ সরিয়ে আইপিএলকে প্রাধান্য দিলে ওই ক্রিকেটারের ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নেতিবাচক প্রভাব পড়বে।
বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে থাকা ঘরোয়া ক্রিকেটারদের সতর্ক করে সেক্রেটারি জয় শাহ এমনই এক চিঠি দিয়েছেন। সেখানে ক্রিকেটারদের সতর্ক করে তিনি জানিয়েছেন, ভারতীয় জাতীয় দলের ভিত্তি হলো ঘরোয়া ক্রিকেট। এটাকে উপেক্ষা করা বা ছোট করে দেখার সুযোগ নেই।
জয় শাহ’র ওই চিঠি সংবাদ মাধ্যম ক্রিকইনফোর হাতে এসেছে। সেখানে তিনি বিগত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে আইপিএলের অভাবনীয় সাফল্যের জন্য গর্বিত বলে জানিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেট সব কিছুর ঊর্ধ্বে বলেও মন্তব্য করেছেন।
তিনি লিখেছেন, ‘কিছু ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন; এমন একটা ট্রেন্ড চালু হয়েছে। যা সত্যিই উদ্বেগের বিষয়। ঘরোয়া ক্রিকেট বরাবরই ভারতীয় ক্রিকেটের ভিত্তি ছিল, আছে। এটাকে অবমূল্যায়নের কোন সুযোগ নেই। ভারতীয় জাতীয় দলের পাইপলাইন প্রস্তুত রাখে এই ঘরোয়া ক্রিকেট। ভারতের ক্রিকেট নিয়ে আমাদের লক্ষ্য সুস্পষ্ট। জাতীয় দলে ঢুকতে হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দেখাতে হবে। ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়া দলে গুরুতর প্রভাব ফেলবে।’
সম্প্রতি ভারতের জাতীয় দলে খেলা ক্রিকেটার ইশান কিশান, দিপক চাহার ও শ্রেয়াস আয়ার ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে বোর্ডের থেকে ছুটি নিয়েছেন। জাতীয় দল থেকেও ছুটি নিয়েছেন কিশান। তাদের বোর্ড কেন্দ্রীয় চুক্তিতে রাখলেও দিপককে বাদ দিয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকা কিছু ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএলের জন্য প্রস্তুত হতেই বেশি ব্যস্ত এমন অভিযোগও আছে। যে কারণে বোর্ডের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন জয় শাহ।