“আধার কার্ড বন্ধ হলেও রাজ্যের প্রকল্পের সুবিধা পেতে কোনও সমস্যা হবে না”-জানালেন মমতা

রবিবার বীরভূমের সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে আধার কার্ড বাতিলের অভিযোগ তুলে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে ৫০ জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে. উত্তর ২৪ পরগনাতে কাটা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনাতেও কাটা হচ্ছে। উত্তরবঙ্গেও কাটা হচ্ছে।”

মমতা আরও বলেন, “প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আঁধার, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনও সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না বলে আধার কার্ড কাটছ? লজ্জা করে না? ভোটের আগে তারা যাতে ব্যাঙ্কের লোন না পায়। ব্যাঙ্কের মাধ্যমে টাকা না পায়। ফ্রি রেশন না পায়। লক্ষ্মীর ভাণ্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার মুখ্যসচিব সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড-নো আধার কার্ড, আমাদের কোও স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে রাজ্য সরকার চালিয়ে যাব, আর যে কাজটি দিল্লি করছে, ওদের থোতা মুখ ভোঁতা করে দেব।”

মমতা রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেন, “অংসখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না, যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনও ছলনা আছে।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র তরঙ্গ সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

এই ঘটনার পরবর্তী পরিণতি কী হবে তা এখনও দেখার বাকি।