BigNews: দ্রুত এমএসপি-অর্ডিন্যান্স আনুক কেন্দ্র, চাঁইছেন আন্দোলনকারী কৃষকরা

আজ কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে চতুর্থ দফার বৈঠকের আগে কৃষক সংগঠনগুলি কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইনি ভাবে নিশ্চিত করার জন্য অর্ডিন্যান্স জারির দাবি তুলেছে।

এমএসপি আইন আনার দাবিতে ‘দিল্লি চলো’ যাত্রা শুরু করেছে একাধিক কৃষক সংগঠন। শনিবার ছিল এই যাত্রার পঞ্চম দিন। ৮, ১২ এবং ১৫ তারিখ তিন দফায় কেন্দ্রীয় মন্ত্রীরা কৃষকদের সাথে বৈঠক করলেও এমএসপি আইন-সহ অন্যান্য দাবিতে কোনও সমাধানসূত্র মেলেনি।

শম্ভু সীমানা থেকে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, “সরকার যদি কৃষকদের প্রতিবাদ সত্যিই থামাতে চায়, অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে জানিয়ে দিক, কৃষিপণ্যের এমএসপি নিশ্চিত করতে আইন আনবে তারা। সেক্ষেত্রে ছ’মাসের মধ্যে আইন আনতে বাধ্য থাকবে কেন্দ্রীয় সরকার। অর্ডিন্যান্স জারির পরই একমাত্র ফলপ্রসূ আলোচনা সম্ভব।”

কৃষকদের দাবির পাল্টা সরকারি তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, নরেন্দ্র মোদীর সরকার কৃষকদের পরিজন মনে করে। কৃষকরা অবশ্য এই আশ্বাসে ভোলার নয়।

পাঞ্জাব-হরিয়ানার তিন জন বিজেপি নেতার বাড়ির সামনে এদিন ধর্না দেন কৃষকরা। কৃষক নেতা রাকেশ টিকায়েত ঘোষণা করেছেন, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে ২১ ফেব্রুয়ারি ধর্না দেবেন কৃষকরা।

এই আন্দোলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে।

শম্ভু সীমানায় ডিউটিতে থাকা সাব-ইনস্পেক্টর হীরালাল (৫২) অসুস্থ হয়ে মারা যান। পুলিশের উপর কৃষকদের পাথর ছোড়ার অভিযোগ উঠলেও হীরালালের মৃত্যু স্বাভাবিক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

এই মুহুর্তে কৃষক আন্দোলন কোন দিকে গড়াবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।