কারাগারে ‘রহস্যজনক’ মৃত্যুর পর নাভালনির মরদেহ ‘গায়েব’

কারাগারে ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে রাশিয়ার বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির। মৃত্যুর পর তার মরদেহ মর্গে রাখা হয়েছিল বলে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। কিন্তু নাভালনির দলের দাবি, বিরোধী নেতার মরদেহ মর্গে নেই।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) নাভালনির মা লিউডমিলার সঙ্গে সালেখার্ড শহরের মর্গে গিয়েছিলেন প্রয়াত নেতার আইনজীবী।
নাভালনির দল টেলিগ্রাম অ্যাপে জানিয়েছে, কারা কর্তৃপক্ষ বলেছিল, মর্গ খোলা এবং নাভালনির মরদেহ সেখানে রয়েছে। কিন্তু আদতে মর্গটি বন্ধ ছিল।
এরপর নাভালনির আইনজীবী মর্গের দরজায় লেখা একটি ফোন নাম্বারে কল করেন এবং সেখান থেকে তাকে বলা হয়, মরদেহ মর্গে নেই।
প্রয়াত নেতার সমর্থকরা মরদেহটি অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
রুশ সরকার বলেছে, কারাগারে বন্দি অবস্থায় নাভালনির ‘আচমকা’ মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে।
সূত্র: এএফপি, এনডিটিভি