রঞ্জি ট্রফি: ‘ব্যাজবল’ খেললেন মণিশ, হাঁকালেন শতরান, কর্ণাটককে এগিয়ে নিয়ে গেলেন KKR তারকা

আইপিএল আসন্ন, আর তার আগেই মণিশ পাণ্ডের ঝোড়ো ব্যাটিং দেখে আশাবাদী কলকাতা নাইট রাইডার্স। রঞ্জি ট্রফির লিগ পর্বের শেষ রাউন্ডে চণ্ডীগড়ের বিরুদ্ধে ব্যাজবল ক্রিকেট খেলে কর্ণাটককে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছেন তিনি।
শনিবার সকালে চণ্ডীগড় ২৬৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক ১১৫ রানে তিন উইকেট হারিয়ে বসে। সেই সময়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন মণিশ। ইংল্যান্ডের ব্যাজবলের নীতিতেই তিনি চণ্ডীগড়ের বোলারদের পেটান।
৭১ বলে ৫১ রান করে শুরুটা করলেও পরের ৪৯ রান তিনি করেন মাত্র ২৪ বলে। মণিশের ইনিংসে ছিল ১৪টি চার এবং তিনটি ছক্কা। হাফসেঞ্চুরি করার পর ঝড়ের গতিতে রান তোলেন তিনি। শেষ পর্যন্ত ১০১ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন।
মণিশের এই ইনিংসের ফলে কলকাতা নাইট রাইডার্স আশাবাদী। কারণ আইপিএল-এ মণিশ তাদের মধ্যমসারির গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান।