টাকার বৃষ্টি! রাস্তায় ছড়িয়ে পড়া কয়েন কুড়োতে ভিড়, রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু

শুক্রবার সকালে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন গাড়ি চালকরা রাস্তায় চকচকে কয়েন পড়ে থাকতে দেখেন। দুটি বস্তাও পড়েছিল রাস্তার উপর, যা কয়েনে ভরা ছিল। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে অনেকেই গাড়ি থেকে নেমে পড়েন এবং কয়েন কুড়োতে শুরু করেন।
উনসানি আন্ডারপাসে এই ঘটনাকে ঘিরে দ্রুত ভিড় জমে যায়। কিন্তু এত কয়েন এল কীভাবে?
সূত্রের খবর, কলকাতাগামী একটি দূরপাল্লার বাস ওই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল। সেই সময় বাসের মাথায় রাখা ছিল ওই কয়েন ভর্তি বস্তা। সম্ভবত অসাবধানতাবশত বস্তাটি পড়ে যায় এবং বস্তার মুখ ফেটে কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় যানজট তৈরি হয় এবং স্থানীয়রাও কয়েন কুড়োতে শুরু করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েন কুড়ানোর চেষ্টা বন্ধ করে এবং কয়েন ভর্তি বস্তা দুটি জব্দ করে।
এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠেছে। এত কয়েন বাসের মাথায় নিয়ে যাওয়া হচ্ছিল কেন? কয়েন বাসের মধ্য়ে না রেখে কেন মাথায় রাখা হল? পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই কি এই ব্যবস্থা করা হয়েছিল?
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটি কোন কোম্পানির এবং কোথা থেকে আসছিল তা খোঁজ করার চেষ্টা করা হচ্ছে।
এই অদ্ভুত ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক। রাস্তায় টাকার বৃষ্টি দেখে অনেকেই মুগ্ধ, আবার অনেকেই এই ঘটনার রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন।