সরফরাজের ঝোড়ো ইনিংসে মুগ্ধ আনন্দ মাহিন্দ্রা, উপহার দিচ্ছেন Thar

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে ৬৬ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সরফরাজ খান।

এই তরুণ ক্রিকেটারের প্রতিভায় মুগ্ধ হয়ে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, সরফরাজের বাবা নওশাদ খানকে উপহার হিসেবে একটি থার এসইউভি দিতে চান।

গত বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচে সরফরাজ ভারতীয় টেস্ট দলে অভিষেক ঘটান। মিডিল অর্ডারের এই ব্যাটসম্যান দীর্ঘদিন ধরেই রান মেশিন হিসেবে পরিচিত।

আনন্দ মাহিন্দ্রা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মনের জোর কখনো হারিও না ব্যাস। ধৈর্য এবং সাহস – একজন পিতার কাছে তার সন্তানের গুণ আর কি বা হতে পারে? একজন অনুপ্রেরণীয় পিতার কাছে উপহার হিসেবে থার তুলে দেওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের, যদি তিনি তা গ্রহণ করেন।”

২৬ বছর বয়সী সরফরাজ ২০১৪ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। ভারতের টেস্ট দলে জায়গা পেতে কিছুটা সময় লাগলেও, তার কঠোর পরিশ্রম এবং প্রতিভা তাকে রাজকোট টেস্টে অভিষেকের সুযোগ করে দিয়েছে।

স্বপ্ন পূরণের এই মুহূর্তে সরফরাজ খানের গোটা পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। টেস্ট দলের টুপি হাতে পাওয়ার পর শরফরাজের বাবা নওশাদ খান আবেগে আপ্লুত হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি।