৫০০ টেস্ট উইকেট, সেরা স্ট্রাইকরেট অশ্বিনের, পিছনে ম্যাকগ্রা, মুরলিও

রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেছেন! শুক্রবার, রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম উইকেট নিয়ে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

ভারতের দ্বিতীয় এবং বিশ্বের নবম বোলার হিসেবে অশ্বিন এই কৃতিত্ব অর্জন করেছেন। অনিল কুম্বলে (৬১৯) ছাড়াও মুথাইয়া মুরলিথরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৯৬), স্টুয়ার্ট ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯) এবং নাথান লিয়ন (৫১৭) এই কৃতিত্ব অর্জন করেছেন।

অশ্বিন দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ৫০০ টেস্ট উইকেট নেওয়ার নজির স্পর্শ করেছেন। কুম্বলে ১০৫ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন, সেখানে অশ্বিন ৯৮ ইনিংসেই তা করে ফেলেছেন। ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৩৫০, ৪০০, ৪৫০ টেস্ট উইকেট নেওয়ারও নজির গড়েছেন অশ্বিন।

বিশ্ব ক্রিকেটে দ্রুততম পাঁচশো উইকেট নেওয়া বোলারদের তালিকায় অশ্বিন দ্বিতীয় স্থানে। মুরলি ৮৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন, অশ্বিন ৯৮ ইনিংসে। তিনে কুম্বলে, চারে ওয়ার্ন।

টেস্ট ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেওয়া নয় জন খেলোয়াড়ের মধ্যে অশ্বিনের স্ট্রাইক রেট সবচেয়ে ভালো। তাঁর স্ট্রাইকরেট ৫১.৪। ম্যাকগ্রা, মুরলি, ব্রড এবং অ্যান্ডারসন অশ্বিনের চেয়ে পিছিয়ে।

অশ্বিনের এই অর্জন ভারতীয় ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি বিশ্বের সেরা স্পিন বোলারদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।