BigNews: মহুয়া মৈত্রকে তলব করলো ED, ১৯ ফেব্রুয়ারি দেওয়া হলো হাজিরার নির্দেশ

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) লঙ্ঘনের অভিযোগে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৯ ফেব্রুয়ারি ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বর্তমানে সিবিআই তদন্তের আওতায়ও রয়েছেন মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহারের বিনিময়ে লোকসভায় আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ এনেছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে মহুয়া আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করেছেন। পরবর্তীতে এথিক্স কমিটি লোকসভা থেকে তাকে বহিষ্কার করে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি, তৃণমূল সাংসদ দেবকেও তলব করে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (PMLA) তাকে তলব করা হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদকে। যদিও এই বিষয়ে দেবের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, যতবার তাকে ডাকা হবে, ততবারই তিনি যাবেন বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন দেব। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাকে। এর আগে গোরু পাচার মামলায় তলব করা হয়েছিল এই অভিনেতা সাংসদকে। সেই সময় দেবকে নিজাম প্যালেসে তলব করা হয়। সূত্রের খবর সেই সময় এনামুল হকের সঙ্গে তাঁর কিছু যোগের বিষয় সামনে এসেছিল। তবে গোয়েন্দাদের তলবে সাড়া দিয়েছিলেন অভিনেতা।

মহুয়া মৈত্রকে তলবের ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা জানিয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “এটি সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত। বিজেপি তাদের বিরোধীদের ভয় দেখাতে চায়।”

এই ঘটনার পরবর্তী পরিস্থিতি কী হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।