অস্থিতিশীলতার প্রভাবে ক্ষতিগ্রস্ত তথ্যপ্রযুক্তি শিল্প, যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছে ২২ হাজার কর্মী

বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে ক্ষতিগ্রস্ত তথ্যপ্রযুক্তি শিল্প। চলতি বছরে এই বিভাগে কাজ হারিয়েছেন কয়েক হাজার কর্মী। জানা গেছে, এই বছর ভারতে ১২ হাজারের বেশি স্টার্টআপকর্মী কর্মহারা হয়েছেন। শুধু ভারতই নয়, এর প্রভাব গোটা বিশ্বেই পড়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পে ভারতের প্রায় দ্বিগুণ সংখ্যক কর্মী কাজ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২২ হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর চাকরি চলে গিয়েছে।

লকডাউনের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বিভিন্ন সেক্টর। তথ্যপ্রযুক্তি শিল্প বা স্টার্টআপের মতো সংস্থাগুলো ফের ঘুরে দাঁড়াচ্ছে। হাতে গোনা কয়েকটি সংস্থা এই মৌসুমে লাভবান হলেও, বেশির ভাগ স্টার্টআপে আর্থিক ঘাটতি দেখা গিয়েছে। ফলে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে সংস্থাগুলো।

আন্তর্জাতিক স্তরে নেটফ্লিক্স, আর্থিক পরিষেবা সংস্থা রবিনহুড ও কয়েকটি ক্রিপ্টো প্ল্যাটফর্ম তাদের কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে। আট শতাংশ কর্মী ছাঁটাই করেছে পোকেমন অনলাইন গেম প্রস্তুতকারক সংস্থা। এমনকি জানা গিয়েছে, এ বছর ইলন মাস্কের সংস্থা টেসলার কর্মী সংখ্যা ১০ শতাংশ কমেছে।

ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও উদ্বেগজনক। সেখানে এরই মধ্যে কর্মহীন হয়েছেন বিভিন্ন স্টার্টআপ সংস্থার ১২ হাজারের বেশি কর্মী। দেশটিতে তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা মনে করছেন, আর্থিক মন্দা কাটিয়ে উঠতে না পারলে এ বছরেই ৫০ হাজারের বেশি কর্মী চাকরি হারাবেন। কারণ ওলা, বাইজু, বেদান্ত, আনঅ্যাকাডেমি, এমফাইন, এমপিএল-এর মতো অনেক সংস্থা কর্মীর সংখ্যা লাগাতার কমিয়ে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *