Dev : রাজনৈতিক সন্ন্যাস নিয়ে শোরগোল? জল্পনার মাঝেই মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকে দেব

শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরপর বৈঠক করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী, যিনি দেব নামে পরিচিত।
আগামী লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন কিনা, রাজনীতি থেকে কি সন্ন্যাস নেবেন নাকি ফের ঘাটালে তিনি লড়বেন, এই বিষয় নিয়েই দু’জনের মধ্যে বৈঠক হয়।
সূত্রের খবর, এবার আর লোকসভা নির্বাচনে লড়তে রাজি নন দেব।
এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে কালীঘাটে সাংগঠনিক বৈঠকেও সেই কথা জানিয়েছিলেন দেব।
তবে এরপর গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে দেব-এর রাজনীতি থেকে সরে আসা নিয়ে জল্পনা আরও বাড়তে শুরু করে।
লোকসভা ভাষণের আগে তাঁর ফেসবুক পোস্ট নিয়েও জল্পনা তৈরি হয়।
তবে তাঁর রাজনীতি ছাড়ার মাঝেই কাটমানি নিয়ে উঠে আসে একের পর এক খবর।
এর মাঝেও ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়।
যদিও, এই খবর প্রকাশের পর দেব নিজে জানিয়েছিলেন, ওঁর হাত ধরে আমি রাজনীতি শিখেছি। উনি তো আমার রাজনীতির গুরু।
প্রসঙ্গত, গুরুত্বপূর্ণ তিনটি সরকারি পদ থেকে দেব ইস্তফা দেওয়ার পরেই জল্পনা বাড়তে থাকে।
এবার কি তিনি সাংসদ পদও ছাড়তে চলেছেন?
এমনই জল্পনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে।
যদিও দেবকে নিয়ে দলের তরফে এখনও কোনও সরকারিভাবে সিদ্ধান্ত জানানো হয়নি।
দেব দলের গুরুত্বপূর্ণ সংসদ এবং তাঁর ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন বলে জানিয়ে দেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।
এই মুহুর্তে, দেব রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন কিনা তা স্পষ্ট নয়।
তবে, আগামী লোকসভা নির্বাচনে তিনি লড়বেন না বলে মনে করা হচ্ছে।
দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ।