সৌরভ গাঙ্গুলির লক্ষাধিক টাকার ফোন চুরি? থানায় দায়ের হলো অভিযোগ

বাংলার গর্ব, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের লক্ষাধিক টাকার ফোন চুরি গেছে। এই ঘটনায় তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় পুলিশি অভিযোগপত্রে লিখেছেন, “আমার ফোনটি বাড়ি থেকে চুরি গিয়েছে বলে মনে করছি। ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টা নাগাদ আমি ফোনটি শেষবারের মতো দেখি। এরপর আমি ফোনটি খোঁজার চেষ্টা করলেও পাইনি। আমার ফোনটি হারিয়ে যাওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন। কারণ ওই ফোনে একাধিক যোগাযোগ নম্বর রয়েছে এবং ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের অ্যাকসেস রয়েছে। আমি ফোনটির হদিশ দেওয়ার জন্য বা উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানাচ্ছি।”

এখনও পর্যন্ত ফোনটির হদিশ পাওয়া যায়নি। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই উপযুক্ত পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, সৌরভ শহরের বাইরে গিয়েছিলেন। ফেরার পরেই তাঁর ফোনটি পাওয়া যায়নি। এরপরই তিনি মনে করেন সেটি খোয়া গিয়েছে। ফোন চুরির নেপথ্যে কে? তা এখনো জানা যায়নি। তবে দাদার বাড়িতে রংয়ের কাজ চলছিল বলে সূত্রের খবর। সেই সময় রং মিস্ত্রিরা বাড়িতে যাতায়াত করছিলেন। সবমিলিয়ে কী ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন খোয়া গেল? তা খতিয়ে দেখা হচ্ছে।

নতুন রেঞ্জ রোভার

এদিকে সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় একটি রেঞ্জ রোভার কিনেছেন। যার দাম প্রায় চার কোটির কাছাকাছি। জানা গিয়েছে, এই গাড়িটি জার্মানি থেকে আসছে এবং স্বয়ং দাদা তা পছন্দ করে কিনেছেন। কিন্তু, কোন রং কিনেছেন তিনি, তা এখনও সামনে আসেনি।