Sandeshkhali: রাতেই মোতায়েন হলো আরও পুলিশ, সন্দেশখালির শান্তি ফেরাতে উদ্যোগ নিলো প্রশাসন

শনিবার সকালেও সন্দেশখালি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার রাতে তৃণমূলের জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার বাগানবাড়ি ও মুরগির খামারে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতেও বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে আসা হচ্ছে সন্দেশখালিতে। ইতিমধ্যেই সন্দেশখালির 8টি গ্রাম পঞ্চায়েতে 144 ধারা জারি করা হয়েছে।
শুক্রবার দুপুর থেকে শিবু হাজরা এবং অপর তৃণমূল নেতা উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে শুরু হয় প্রতিবাদ। সন্দেশখালির জেলিয়াখালি এলাকা তপ্ত হয়ে ওঠে। এখনও পর্যন্ত তাঁদের গ্রেফতারির কোনও খবর নেই। উল্লেখ্য, তাঁরা এলাকায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
কয়েক সপ্তাহ আগে ED-র উপর হামলার ঘটনায় সামনে এসেছিল সন্দেশখালির নাম। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ED। সেই সময় ED-র উপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই শেখ শাহজাহানের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। সম্প্রতি ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। শিবু এবং উত্তমরা মহিলাদের উপর অত্যাচার চালাত, উঠেছে এই অভিযোগও।
এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জন গ্রামবাসীকে আটক করা হয়েছে।
পরিস্থিতির পর্যবেক্ষণে রয়েছে পুলিশ। আশা করা হচ্ছে, শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।