Weather: ভ্যালেন্টাইন্স ডে-তে ঠান্ডা নাকি বৃষ্টি? জেনেনিন আবহাওয়ার সর্বশেষ আপডেট

কখনও কনকনে ঠান্ডা, আবার কখনও ঘন কুয়াশায় ঢাকা আকাশ। গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি সহ উত্তর ভারতে চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা।

আবহাওয়াবিদদের একাংশের অনুমান, একটু একটু করে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তাপমাত্রার পারদ। মার্চ মাসের শুরু থেকেই চরম দাবদাহ অনুভব করতে শুরু করে দেশের একাধিক রাজ্যের বাসিন্দারা।

তাপমাত্রার পারদ বাড়তে শুরু করলেও এখনও শীত পুরোপুরি বিদায় নেয়নি দিল্লি এবং আশপাশের অঞ্চল থেকে। আগামী তিন থেকে চারদিন পর দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে চড়া রোদ দেখা যাবে। তারপর ফের একবার শীতের একটা ঝোড়ো ইনিংস দেখা যেতে পারে। আবার তারপরই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে রাজধানী শহরে। স্বাভাবিকভাবেই অনুমান করা হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে, ১৪ ফেব্রুয়ারি বুধবারের আগে থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে।

এই মুহূর্তে দিল্লিতে সর্বাধিক তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। ন্যূনতম তাপামাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আকাশ মোটামোটি পরিষ্কার থাকবে। ১৩ ফেব্রুয়ারি থেকে ফের একবার কুয়াশাচ্ছন্ন হবে আকাশ।
আমূল বদলাবে আবহাওয়া। হালকা বৃষ্টিপাত শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকেই। ১৪ তারিখ দিল্লির অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভ্যালেন্টাইন্স ডে-তে বৃষ্টির পূর্বাভাস শুনে মনখারাপ প্রেমীদের।

মার্চেই ৪০ ডিগ্রির ঘরে তাপমাত্রা! চলতি বছর রেকর্ড গরম পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছরও মার্চ মাস থেকেই তাপমাত্রা চড়চড় করে বাড়তে শুরু করে। চলতি বছর সেই রেকর্ড ছাপিয়ে মার্চেই ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ।