কর্মজীবনে একদিনও নেননি ছুটি, স্বীকৃতি স্বরূপ পেলেন ২ কোটি টাকা!

কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। কাজের প্রতি একনিষ্ঠ হলে দেরি করে হলেও তার পুরস্কার যে ঠিকই পাওয়া যায়, সে কথাই প্রমাণ করলেন এক বেসরকারি সংস্থার কর্মী। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে কখনও ছুটি নেননি। আর তারই স্বীকৃতি স্বরূপ সেই কর্মী পেলেন প্রায় দুই কোটি টাকা!

বার্গার কিং নামে বেসরকারি একটি বেসরকারি ফুড চেন সংস্থার কর্মী কেভিন ফোর্ড। গত ২৭ বছরের কর্মজীবনে একদিনও ছুটি নেননি তিনি। এমনকী, সপ্তাহান্তে কোনো ডে অফও নিতেন না। কাজের প্রতি তার এই ভালবাসা, একনিষ্ঠ আচরণে মুগ্ধ সংস্থাও। সেই কারণেই একগুচ্ছ উপহার দিয়ে একটি ব্যাগ তুলে দেওয়া হয় কেভিনের হাতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সেই উপহার পাওয়ার দৃশ্য। যেখানে ব্যাগ থেকে একের পর এক জিনিস বের করে দেখাচ্ছেন কেভিন। পেন থেকে চকোলেট, মেমেন্টো, সিনেমার টিকিট ইত্যাদি নানা ছোটখাটো উপহারে ভরে গিয়েছে তার ব্যাগ। কিছু দিয়েছে কোম্পানি আর বাকিটা সহকর্মীরা। কিন্তু এর চেয়েও বড় উপহার তার কাছে এসেছে মেয়ের হাত ধরে।

কেভিনের মেয়ে সেরিনা অনলাইনে অনুদানের জন্য একটি পেজ তৈরি করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ ২৭ বছর তার বাবা টানা কাজ করে চলেছেন। নিজের ছেলে-মেয়েকে ভালোভাবে লেখাপড়া করাতে, সংসার চালাতে তার এই আত্মত্যাগ। বাবাকে ধন্যবাদ স্বরূপ অনুদানের আবেদন করেছিলেন সেরিনা। সেই আবেদনেই মেলে বিপুল সাড়া। এরই মধ্যে প্রায় দুই কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছে কেভিনের ঝুলিতে।

কেভিনের ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। জানা গিয়েছে, এর পর থেকে আরও বেশি পরিমাণে অনুদান এসে পৌঁছচ্ছে কেভিনের কাছে। সবাইকে পাশে পাওয়ায় উচ্ছ্বসিত মেয়ে সেরিনাও। তবে নেটিজেনদের একাংশের মতে, কোম্পানি তাকে এই একনিষ্ঠতার জন্য যে উপহার দিয়েছে, তা যথেষ্ট নয়। এর চেয়ে অনেক বেশি কিছু পাওয়া উচিত তার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *