মর্মান্তিক: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ৪, আহত ২২

বুধবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘির টুঙ্গিদিঘি বাসষ্ট্যান্ড এলাকায় ১২ নম্বর (পুরনো ৩৪ নম্বর) জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। একটি ভুট্টা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি চলন্ত গাড়িকে ধাক্কা মারে। লরিটি উলটে যায় এবং লরির চাকা ও তলায় চাপা পড়ে চারজন মারা যান। কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।

মৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার, মহম্মদ মহিবুল হক (২৭)। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং করণদিঘি ব্লক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজট দেখা যায়। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবেলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। লরির নিচ থেকে মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই দুর্ঘটনাটি উত্তর দিনাজপুরে সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণ হারানোই এই দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকশো মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। ক্রেনের সাহায্যে লরিটি সরানো হয়। স্থানীয়দের বক্তব্য, এত ভয়ঙ্কর দুর্ঘটনা এর আগে তারা এলাকায় দেখেননি।

সকলকে সাবধানে গাড়ি চালানোর এবং সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।