দ্রাবিড়ের পর কেউ যোগাযোগ করেনি, টিম ইন্ডিয়ায় জায়গা না পেয়ে হতাশ হনুমা

অন্ধ্রপ্রদেশ এবং বিহারের মধ্যে রঞ্জি ম্যাচ শেষে টিম ইন্ডিয়ায় জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হনুমা বিহারি। এই ম্যাচে অন্ধ্রপ্রদেশ বিহারকে ১৫৭ রানে পরাজিত করে।
রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করার পরেও ভারতীয় দলে ব্রাত্যের তালিকাতেই থেকে যাওয়ায় হতাশ হনুমা। ইতিমধ্যে রঞ্জির ৭ ইনিংসে ৩৬৫ রান করে ফেলেছেন তিনি।
দলে ফেরার অভিপ্রায় ব্যক্ত করে বিহারি বলেন, “আমি হতাশ। এটা দুঃখজনক যে, আমি টেস্ট দলের অংশ নই। প্রত্যেকের জীবনেই উত্থান-পতন থাকে। আমার রঞ্জিতে রান করার চেষ্টা করে চলেছি। এই মরশুম যদি ভালো যায়, তাহলে আমার জন্য টিম ইন্ডিয়াতে ফেরার দরজা খুলে যেতে পারে। প্রত্যাবর্তনের জন্য আমাকে যতটা সম্ভব রান করতে হবে।”
সম্প্রতি জাতীয় দলের কারো সাথে যোগাযোগ না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন হনুমা। শেষ টেস্টের পর কোচ রাহুল দ্রাবিড় তার সাথে কথা বলেছিলেন, কিন্তু তারপর থেকে আর কেউ যোগাযোগ করেননি।
তিনি বলেন, “আমি ক্রমাগত আমার খেলার উন্নতি করার চেষ্টা করছি। দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমি ভালো পারফর্ম করতে চাই এবং রান করতে চাই। এখন আমি আমার ক্যারিয়ারের সেই পর্যায়ে আছি, যেখানে কারও কাছ থেকে কোনও প্রত্যাশা নেই। আমি আমার সেরাটা দেব এবং দেখব আমার সামনে কী অপেক্ষা করে আছে।”
প্রসঙ্গত, একটা সময়ে বিদেশ সফরের সময়ে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন হনুমা বিহারি। কিন্তু ২০২২ সালের জুলাই থেকে তিনি জাতীয় দলের হয়ে আর কোনও টেস্ট ক্রিকেট খেলেননি। ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন হনুমা বিহারি। বিহারির ঝুলিতে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে।