মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ পথে নামছে ৫৬ ই-বাস, উপকৃত হবে নিত্যযাত্রীরা

ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরিয়ে সাঁতরাগাছিতে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়ার পর আজ, বুধবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁতরাগাছি থেকে ৫৬টি নতুন দূরপাল্লার বাসের যাত্রা শুরু করবেন।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোট ৭৫টি নতুন কর্মসূচি উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে বাস-ভেসেল এবং অন্যান্য প্রকল্প।

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে রাজ্য সরকার নতুন ২৬৫টি বাস কিনছে এবং সেগুলি ধাপে ধাপে পরিবহণ দপ্তরকে হস্তান্তর করা হচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী পরিবহণ দপ্তরের ২৫০ কোটি টাকার বিবিধ প্রকল্পের উদ্বোধন করবেন।

নবান্ন সূত্রে জানা গেছে যে মুখ্যমন্ত্রী সাঁতরাগাছি থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম এবং ডব্লিউবিটিসির অধীনে ৫৬টি নতুন ইলেকট্রনিক বাস আজ রাস্তায় নামবে।

এ ছাড়াও মুখ্যমন্ত্রী ১৫টি বাস টার্মিনাস, ডিপো ও যাত্রী শেল্টারের উদ্বোধন করবেন। ওই ২৫০ কোটি প্রকল্পের পাশাপাশি এদিনই প্রায় ১০০ কোটি টাকার নয়া জেটি ও জাহাজেরও সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

পরিবহণ দপ্তরের আরও ৩০টি নতুন প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর মধ্যে রয়েছে গঙ্গার ঘাট ও জেটি সংস্কারের কাজও।

৫৬টি নতুন বাসের মধ্যে ৩১টি বাসই উত্তরবঙ্গে যাতায়াত করবে। উত্তরবঙ্গের যাত্রী দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের টিকিট অমিল হওয়ায় অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। এই রুটে বেশ কিছু বেসরকারি বাস চলে। তারও টিকিটের চাহিদা আকাশছোঁয়া।

সেই জন্যই উত্তরবঙ্গের বাসে জোর দিচ্ছে পরিবহণ দপ্তর। সুলভে যাত্রীরা যাতে যাতায়াত করতে পারেন, সেই জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

এই বাসগুলি সাঁতরাগাছি স্ট্যান্ড থেকেই চলাচল করবে। এতদিন দূরপাল্লার বাসগুলি ধর্মতলা টার্মিনাস থেকে চলাচল করে। পরিবহণমন্ত্রী বলেন, ‘সাঁতরাগাছিতে নতুন বাস স্ট্যান্ডের পরিকাঠামো তৈরির কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে।’