মোদীর পর কুর্সিতে বসবেন কে? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর

লোকসভা নির্বাচন আর বেশি দেরি নেই। বিজেপি তাদের প্রচার স্ট্যাটেজি ঠিক করতে শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী আবার মুখ হবেন এটা স্পষ্ট। এই পরিস্থিতিতে ভোট কুশলী প্রশান্ত কিশোর কী মনে করছেন?
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “প্রধানমন্ত্রী মোদীর উপর অতিরিক্ত নির্ভরশীলতাই বিজেপির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা।” তিনি মনে করেন, “প্রধানমন্ত্রী মোদীকে সমীকরণ থেকে সরিয়ে দেওয়া হলে জনমানসে যে তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারা যাবে না সেই বিষয়টিতে বিজেপিও একমত।”
মোদীর পর কে?
প্রধানমন্ত্রী মোদীর পরে কে ক্ষমতায় আসতে পারেন? প্রশান্ত কিশোরের উত্তর, “আমি জানি না, তবে যেই হোক না কেন, তিনি মোদীর চেয়ে বেশি কট্টরপন্থী হবেন। তিনি মোদীকে তুলনামূলকভাবে উদার মনে করবেন।”
রাহুল গান্ধীর ভুল
লোকসভা নির্বাচনের মাস দুয়েক আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্য়ায় যাত্রা নিয়ে প্রশান্ত কিশোর মন্তব্য করেন, “অবশ্যই বিভিন্ন জায়গায় প্রচারে যাওয়া ভালো। তবে লোকসভা ভোটের ঠিক প্রাক মুহূর্তে এভাবে সদর দফতর ফাঁকা করে বেরিয়ে পড়া উচিত হয়নি। যে সময় রাহুলের ময়দানে থাকা সেই সময় উনি দিল্লিতে থাকেন, যে সময় দিল্লিতে থাকা উচিত সেই সময় ময়দানে নামেন।”
প্রশান্ত কিশোরের পরামর্শ
প্রশান্ত কিশোর রাহুল গান্ধীকে পরামর্শ দেন, “জাতীয় রাজনীতি যেখান থেকে পরিচালিত হয় অর্থাৎ এখন দিল্লিতে থাকা উচিত ছিল তাঁর। কিন্তু উনি এখন ব্যস্ত উত্তর-পূর্বে যাত্রা করতে।”