চলন্ত বাসে হার্ট অ্যাটাকে চালকের মৃত্যু, অতঃপর…যা ঘটলো?

ব্যস্ত রাস্তায় বাস চালানো অবস্থায় হঠাৎই হার্ট অ্যাটাক হয় চালকের, মৃত্যুর কোলে ঢলেও পড়েন তিনি। কিন্তু মৃত্যুর আগমুহূর্তে বাস থামিয়ে প্রাণ বাঁচান ৬০ জন যাত্রীর।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোর জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত ওই চালকের নাম শেখ আখতার। ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশে পশ্চিমবঙ্গ থেকে রওনা হয়েছিল বাসটি। বালাসোর জেলায় পৌঁছানোর পর হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন আখতার এবং রাস্তার ধারে বাসটি নিয়ে তা থামিয়ে দেন। যাত্রী এবং বাসের অন্যান্য কর্মচারীরা তাৎক্ষণিকভাবে চালকের আসনে গিয়ে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি।

গাড়ির একজন যাত্রী অমিত দাস বলেন, ‘হঠাৎ করে বাসটি থামার পর আমরা চালকের আসনের সামনে গিয়ে দেখি তিনি (আখতার) সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে সেখান থেকে স্থানীয় নীলগিরি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিলেন তিনি।’

অসাধারণ এই দায়িত্বশীল আচরণের জন্য বাসের যাত্রী, পুলিশ এবং স্থানীয় লোকজন ভূয়সী প্রশংসা করেছেন শেখ আখতারের।