পরবর্তী টেস্টে শুধু স্পিন আক্রমণ! জয়ের পর ব্র্যান্ডন ম্যাককালামের ইঙ্গিত

দীর্ঘদিন পর ভারতের মাটিতে জয় পেয়ে ইংল্যান্ড ক্রিকেট টিমের ড্রেসিংরুমে খুশির হাওয়া বইছে। ওলি পোপের ব্যাটিং এবং টম হার্টলির বোলিংয়ের প্রশংসা করেছেন সকলে। ইংল্যান্ডের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালামও এই জয়ের পর স্পিন বোলিং আক্রমণকেই ভরসা করছেন। প্রাক্তন কিউই তারকা দাবি করলেন যে পরিস্থিতি সঠিক মনে হলে পরবর্তী টেস্টে শুধু স্পিন বোলিং আক্রমণই ব্যবহার করবেন।
সেন্জ রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই সফরে আমাদের সঙ্গে এসেছে অজস্র স্পিন বোলার। স্পিনাররা হায়দরাবাদে যে কাজটা করে দেখিয়েছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। শোয়েব বাশিরের মতো তরুণ স্পিনারও ঠিক সময়ে দলে স্থান পেয়েছে। ও আমাদের সঙ্গে আবুধাবিতে অনুশীলনে ছিল। সবাই ওকে দলে স্বাগত জানিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম টেস্টে দলের জয়টাও ও নিজের চোখে দেখেছে। সুতরাং ওকেও আগামী টেস্টে খেলানোর পরিকল্পনা রয়েছে। যদি পরিস্থিতি সঠিক মনে হয়, তাহলে বিশাখাপত্তনমে আমরা শুধু স্পিন আক্রমণ নিয়েই খেলতে নামবো।”
হার্টলির প্রশংসা করে ম্যাককালাম বলেন, “টম হার্টলি খুব বেশি ঘরোয়া ক্রিকেট খেলেনি, তবে নিজের অভিষেক টেস্টেই একেবারে তাক লাগিয়ে দিয়েছে। অনেক ভেবেচিন্তেই ওকে দলে নেওয়া হয়েছিল। আমরা ওর মধ্যে একটি বিশেষ ব্যাপার দেখতে পেয়েছিলাম, যা দেখে আমাদের মনে হয়েছিল যে ভারতের পিচে ও দারুণ প্রভাব ফেলতে সফল হবে এবং যেই কাজটার জন্য ওকে দলে নেওয়া হয়েছিল, সেটা ও করেও দেখিয়েছে। ও খুবই আগ্রাসী ক্রিকেটার এবং যেভাবে দলের অধিনায়ক ওকে কাজে লাগিয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।”