‘ওকে প্রয়োজন নেই’, নীতীশ কুমার প্রসঙ্গে মুখ খুললেন রাহুল

বিহারের মহাজোটের পতনের পর নীতীশ কুমারের উপর আক্রমণ শানালেন রাহুল গান্ধী। বিহারের মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন, “একটু চাপ পড়তেই একজন ইউটার্ন নিয়ে ফেললেন।”
মঙ্গলবার বিহারে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুল বলেন, “আমাদের মহাজোট যে সমস্ত ইস্যুগুলি উত্থাপন করছে সেগুলি সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাতেই সমস্যা হচ্ছে বিজেপির।”
তিনি বলেন, “নীতীশ কুমারকে আমি সোজাসুজি বলেছিলাম, বিহারে জাতিভিত্তিক জনগণনা করতেই হবে আপনাকে। RJD-র সঙ্গে মিলে আমরা নীতীশজিকে এই সার্ভে করানোর উপর জোর দিয়েছিলাম। আর এতেই বিজেপি ভয় পেয়ে গেল। ওরা চায় না দেশে জাতিভিত্তিক জনগণনা হোক।”
রাহুল বলেন, “নীতীশজি ফেঁসে গেলেন আর বিজেপি তাঁকে ব্যাকডোর দিয়ে যোগাযোগ করে টোপ দেওয়া শুরু করল। মানুষকে সামাজিক অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের গঠবন্ধনের অন্যতম মূল উদ্দেশ্য। এই কর্তব্য পালনে আমরা কখনও পিছপা হব না। আমাদের নীতীশ কুমারকে প্রয়োজন নেই।”
কংগ্রেস নেতা জয়রাম রমেশও নীতীশ কুমারকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “নীতীশ কুমারের কাণ্ডে গিরগিটিও লজ্জা পেয়ে যাবে।”
নীতীশ কুমারের এই রাজনৈতিক ডিগবাজি বিহারের রাজনীতিতে বড়সড় ধাক্কা দিয়েছে। ইন্ডিয়া জোটের পতনের পর বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।