অপেক্ষার অবসান, ভারতের টেস্ট দলে ডাক পেলেন সরফরাজ

হায়দরাবাদে প্রথম টেস্টে পরাজয়ের পর ইতিমধ্যেই চাপে পড়ে গেছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনামে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া তাদের ঘুরে দাঁড়ানোর কোনও উপায় নেই। তবে এই ম্যাচটি শুরু হওয়ার আগেই দলে এসেছে বড় ধাক্কা। রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।

এই অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে দরজা খুলে গেছে বেশ কিছু তরুণ ক্রিকেটারদের জন্য। দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় শিবিরে স্থান পেয়েছেন সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার।

দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছিলেন তরুণ ক্রিকেটার সরফরাজ। একা নিজের কাঁধে দায়িত্ব নিয়ে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি নিজের দলকে। কিন্তু লাগাতার ভালো খেলা দেখানো সত্ত্বেও তিনি পাচ্ছিলেন না জাতীয় দলে জায়গা। অবশেষে এবার এলো সেই সুযোগ।

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল। তাঁদের পরিবর্তে দলে জায়গা পেলেন মুম্বইয়ের এই ক্রিকেটার। সম্প্রতি, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভালো ব্যাটিং উপহার দেওয়ার জেরে দলে জায়গা পেলেন তিনি।

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যে কতটা খুশি হয়েছেন সরফরাজ, তা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তিনি প্রকাশ করলেন। নিজের স্টোরিতে তিনি পোস্ট করলেন বেশ কিছু ছবি যাতে দেখা গিয়েছে তাঁর বাবাকে। এছাড়াও তিনি দিয়েছিলেন অনুশীলন করা নেটের ছবি। ব্যাকগ্রাউন্ডে চলছে ‘চাক দে ইন্ডিয়া’ ছবির ‘বাদল পে পাও হে’ গান।

এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের নজরে আসতেই তাঁদের দাবি করেন যে অত্যন্ত আবেগপ্রবণ হয় এমন ছবি পোস্ট করেছেন সরফরাজ। এছাড়াও অনেকে জানান তরুণ ক্রিকেটারকে আগাম শুভেচ্ছা।