৪০টিরও বেশি বার-রেস্তোঁরা, যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’

বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’ অবশেষে যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে শনিবার সূর্যাস্তের আগে বিশালাকার এই জাহাজটি যাত্রা শুরু করে। গন্তব্য হল পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। প্রমোদতরীটি সাত দিনের সমুদ্রযাত্রার পর গন্তব্যে পৌঁছবে।
আইকন অব দ্য সিজ-এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১ হাজার ১৯৭ ফুট)। মোট ওজন ২ লাখ ৫০ হাজার ৮০০ টন। এটি টাইটানিকের চেয়েও ৫ গুণ বড়। প্রমোদতরীতে রয়েছে ২০টি ডেক, ৭টি সুইমিং পুল, ৬টি ওয়াটার স্লাইড, ৪০টিরও বেশি বার, রেস্তোঁরা, লাউঞ্জ এবং বিনোদনস্থল। প্রমোদতরীতে ৭৬০০ জনের বেশি যাত্রী এবং ২ হাজার ৪৫০ জন ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে।
প্রমোদতরীর সামনে দিকে দেখা যাবে জলপ্রপাত। পাঁচ ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্কও রয়েছে। সেখানে সাঁতারুর ভাস্কর্য এবং প্রচুর গাছপালা রয়েছে। প্রমোদতরীতে রয়েছে ‘থ্রিল আইল্যান্ড’-নামে বিশালাকার ওয়াটার পার্কও। রয়েছে ‘সার্ফসাইড’ নামে একটি পারিবারিক এলাকা। সরাসরি সমুদ্রের দৃশ্য উপভোগ করার জন্য রয়েছে ‘রয়্যাল প্রমেনেড’। এছাড়াও রয়েছে ‘দ্য হাইডওয়ে’তে ইনফিনিটি পুলও।
আইকন অব দ্য সিজে-এর কেবিনগুলি একাধিক ধরনে রয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ কেবিনের সঙ্গেই বারান্দা রয়েছে। যাত্রীদের বিনোদনের জন্য প্রমোদতরীতে রয়েছেন ৫০ জন সঙ্গীতশিল্পী ও কমেডিয়ান।