‘বাবার গায়ে একটা আঁচড়ও লাগলে আমিও ছেড়ে কথা বলব না’, ইডিকে হুঁশিয়ারি লালু কন্যা রোহিনীর

বিহারের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আরেকটি বড় খবর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। সেই নিয়ম মেনেই সোমবার সকালে পটনায় ইডি দফতরে লালু প্রসাদ যাদব হাজিরা দেন। ইডি দফতরের বাইরে জমায়েত করে বিপুল সংখ্যক আরজেডি সমর্থক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা।

লালুকে তলব প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে ঝাঁঝালো আক্রমণ করলেন তাঁর কন্যা রোহিনী আচার্য। তাঁর দাবি, বাবার সঙ্গে ‘অমানবিক আচরণ’ করছেন ইডি আধিকারিকরা।

রোহিনীর অভিযোগ, “সকলেই জানেন বাবা সাপোর্ট ছাড়া হাঁটতে পারেন না। তবুও কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তারা তাঁকে তাঁর সহকারী ছাড়াই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে বাধ্য করেন।”

তিনি আরও বলেন, “বাবার গায়ে একটা আঁচড়ও লাগলে আমিও ছেড়ে কথা বলব না। আমার কথাগুলো মনে রাখবেন।”

লালু-কন্য়ার অভিযোগের পর ইডির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, বিহারের রাজনৈতিক অস্থিরতায় লালু প্রসাদ যাদবের উপর চাপ আরও বাড়ছে। বিজেপির সমর্থনে নীতীশ কুমারের নতুন সরকার গঠনের পর লালু প্রসাদ যাদবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিরোধী জোটের নেতৃত্ব হিসেবেও লালু প্রসাদ যাদবের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। বিজেপির সঙ্গে নীতীশ কুমারের জোটের ফলে বিরোধী শিবিরের ঐক্য আরও দুর্বল হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতি মামলায় ইডির তলব তাঁর রাজনৈতিক ভবিষ্যতের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।