নীতীশের ডিগবাজিতে ইন্ডিয়া জোটে বড়সড় ধাক্কা! বিহারে পৌঁছেও মুখ বন্ধ রাহুলের

বিহারে নীতীশ কুমারের রাজনৈতিক ভোলবদলের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ইন্ডিয়া জোটের প্রধান উদ্যোক্তা রাতারাতি NDA শিবিরে যোগদান করে নীতীশ কুমারের এই পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক স্বার্থপরতা বলে মনে করছেন।
এই ঘটনার মধ্যেই বিহারে প্রবেশ করল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। যাত্রা শুরুর পরপরই রাহুল গান্ধী বিহারের জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন। তবে তাঁর ভাষণে একবারের জন্যও শোনা গেল না নীতীশ কুমারের রাজনৈতিক ভোলবদলের কথা।
বক্তব্যে রাহুল গান্ধী বলেন, ‘সামাজিক ন্যায়ের ক্ষেত্রে বিহার সর্বদাই এগিয়ে। বিহারের সমস্ত নাগরিকদের বলব, দেশে প্রগতি চাইলে আর্থিক আর সামাজিক ন্যায় প্রয়োজন। সেটা আপনাদের থেকে ভালো আর কেউ বুঝবে না।’
অন্যদিকে, কংগ্রেস নেতারা নীতীশ কুমারকে রাজনৈতিক গিরগিটি বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ‘ওয়ার্ড অফ দ্য ডে, স্নলিগস্টার। মার্কিন উচ্চারণে এর সংজ্ঞা একজন ধূর্ত, নীতিহীন রাজনীতিবিদ।’ জয়রাম রমেশ বলেন, ‘যে ভাবে নীতীশ কুমার রাজনৈতিক রংবদল করেন, তাতে উনি গিরগিটির ঘাড়েও নিঃশ্বাস ফেলছেন।’
এদিকে, নীতীশ কুমারের রাজনৈতিক ভোলবদলের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে তোপ দেগেছে JDU। নীতীশের দলের দাবি, কংগ্রেস ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বৈঠকে মল্লিকার্জুন খাড়গের নাম জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে প্রস্তাব করায়।
প্রসঙ্গত, নীতীশ কুমারের এই পদক্ষেপের ফলে বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। NDA শিবিরের শক্তি বৃদ্ধি পেলেও, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।