অশ্বিন-জাদেজার অনুপ্রেরণা পেয়েই কি ইংল্যান্ডের জয়? কী বললেন টম হার্টলি?

হায়দ্রাবাদে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ২৮ রানে জিতে নিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে লিড নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনেই অলআউট হয়ে যায় ভারত।

ইংল্যান্ডের জয়ের নায়ক ওলি পোপ। তিনি ১৯৬ রানের লড়াকু ইনিংস খেলেন। টম হার্টলি নেন সাত উইকেট।

ম্যাচ শেষে টম হার্টলি বলেন, “এই জয় পেয়ে আমরা সবাই খুব খুশি। সত্যিই আমি বিশ্বাসই করতে পারছি না যে এই ম্যাচটা আমরা জিতে গিয়েছি। আমি মনে করি আমরা দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। আজকের খেলাটা আমাদের কাছে একেবারেই সহজ ছিল না। যতটা আমরা ভেবেছিলাম, বল ততটা একেবারেই ঘোরেনি। এরপর আমাদের কোচ ও দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে আমি কথা বলি এবং ওরা আমার মনের মধ্যে আত্মবিশ্বাস জোগায় যে আমি করে দেখাতে পারব।”

হার্টলি আরও বলেন, “এই মুহূর্তে ড্রেসিংরুমের অবস্থা যেমন থাকতো, তেমনই রয়েছে। আমরা সকলেই আজ করে দেখিয়েছি। প্রথমদিকে আমি একটু ঘাবড়ে ছিলাম তবে ব্যাট হাতে রান পাওয়ায় আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। এছাড়া পিচ সম্পর্কেও বেশ কিছু জানতে পারলাম যেটা বোলিং করার সময় আমার কাজে লাগে। আমি বুঝলাম যে অত জোরে বল করতে লাগবে না, যতটা আমি ভাবছিলাম। জাদেজা ও অশ্বিনকে দেখে আমি বুঝলাম যে আমাদের একটু সময় নেওয়া উচিত।”