“মাছের মতো খাবি খাচ্ছিল স্মিথ”,-প্রথম নাইট্রোজেন-মৃত্য়ুদণ্ড ঘিরে বিতর্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮৮ সালে এক পাদ্রির স্ত্রীকে সুপারি নিয়ে খুনের দায়ে দোষী সাব্যস্ত কেনেথ ইউজেন স্মিথকে (৫৮) বৃহস্পতিবার রাতে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বিষ ইঞ্জেকশনের বিকল্প হিসেবে নাইট্রোজেন গ্যাস প্রয়োগের পক্ষে অ্যালাবামা সরকারের দাবি ছিল, এই পদ্ধতিতে অপরাধীর মৃত্যু দ্রুত ও নির্দিষ্ট সময়ে হয় এবং যন্ত্রণা কম হয়। কিন্তু স্মিথের মৃত্যুদণ্ডের প্রক্রিয়াটি সেই দাবিকে ধুয়ে দিয়েছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।

স্মিথের মৃত্যুশয্যায় উপস্থিত আধ্যাত্মিক উপদেষ্টা জেফ হুডের বক্তব্য, “স্মিথের মৃত্যুর মুহূর্তটি ছিল ভয়াবহ। তাকে নাইট্রোজেন গ্যাস দেওয়ার পর তিনি ২২ মিনিট ধরে শ্বাসকষ্টে ভুগেছেন। তিনি খাবি খাচ্ছিলেন, শরীর ছটফট করছিল। এটি ছিল একটি নির্মম মৃত্যু।”

হোয়াইট হাউসও স্মিথের মৃত্যুদণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কও এই পদ্ধতিকে “অমানবিক” বলে উল্লেখ করেছেন।

নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ডের এই নতুন বিতর্কের মধ্যেই অ্যালাবামা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।