‘হাত-পা ভেঙে দেবে’, তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর বিজেপি নেতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি

মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “বিজেপি নেতাদের হাত-পা ভেঙে দেওয়া হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে।”

হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সী বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চাইছে। তারা মানুষ হত্যাকারী দল। তাদের নেতারা নরখাদক। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের হাত-পা ভেঙে দেবে।”

তিনি আরও বলেন, “বিজেপি নেতারা গ্রামে ঢুকলে তাদের জুতোর মালা পরানো হবে। গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে। সেই জুতোর মালা পরানো হবে।”

তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, “আমাদের কেউ আটকায় না। কোনও গ্রামের মানুষ আটকায় না। বরং ওদেরকে মানুষ আটকাবে। ওদের কাছ থেকেই সমস্ত হিসেব বুঝে নেবে, সে সময়ের অপেক্ষা কিছুদিনের।”