সুপ্রিম কোর্টে উঠছে DA মামলা, ফেব্রুয়ারিতেই শুনানির সম্ভাবনা

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সম্প্রতি, মামলার শুনানির সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, আগামী ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে। তবে কোন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালে মে মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।

এদিকে, ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তারা শনিবার ধরনা মঞ্চে অনশনে বসেন। এদিন, সরকারি কর্মচারি পরিষদের সদস্যরাও প্রতীকী অনশনে বসেন।

সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র জন্য আন্দোলন করছিলাম। স্যাট এবং কলকাতা হাইকোর্টের রায় আমাদের দিকে গিয়েছে। আশা করি সুপ্রিম কোর্টে SLP খারিজ হয়ে যাবে।”

প্রসঙ্গত, বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নতুন করে চার শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছিল। যদিও তাতেও অসন্তোষ প্রকাশ করেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির সম্ভাব্য তারিখ সামনে আসার পর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে।