অশ্বিনের বাজে ফিল্ডিংয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা, তুলনা পাকিস্তানের সঙ্গে!

ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিনের খেলায় ইংল্যান্ডের সামনে বড় ব্যবধানের লিড রাখলেও, তা টপকে দিতে সফল হয় বেন স্টোকসরা। ম্যাচ একেবারেই যে ইংল্যান্ডের হাতের বাইরে চলে যায়নি, তা বলা যেতেই পারে। তবে এই ম্যাচে দুই দলের ভালো ব্যাটিংয়ের পাশাপাশি ধরা পড়লো টিম ইন্ডিয়ার ফিল্ডিংয়ের দুরবস্থাও। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের পরপর ভুল কাজে লাগালো ইংল্যান্ড দলের ব্যাটাররা।
শনিবার, অর্থাৎ ২৭ জানুয়ারি তৃতীয় দিনের খেলা খেলতে নামে দুই দল। যদিও দিনের শুরুটা একেবারেই মনের মতো হয়নি টিম ইন্ডিয়ার জন্য। মাত্র ১৫ রান যোগ করেই সকলে প্যাভিলিয়নে ফিরে যান। স্পিনারদের দাপটের সামনে কোনও ব্যাটারই আজ টিকতে পারেননি। জবাবে বড় ব্যবধানে লিড টপকাতে নেমে শুরুটা দুর্দান্ত হয় বেন স্টোকসদের। রীতিমতো ব্যাজবল ক্রিকেট আসে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের থেকে। যদিও মাঝের ওভারগুলিতে উইকেট ফেলে ম্যাচে ঘুরে দাঁড়ায় রোহিত শর্মারা।
তবে দিনের শেষে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের নিন্দা কুঁড়িয়েছে টিম ইন্ডিয়ার খারাপ ফিল্ডিং। ভারতীয় ফিল্ডারদের ভুলে স্কোরবোর্ডে রান তুলতে খুব একটা সমস্যা হয়নি ইংল্যান্ডের ব্যাটারদের। বিশেষ করে এদিন দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একাধিকবার বাজে ফিল্ডিং হতাশ করেছে গোটা দলকে।
প্রথম ভুলটি ঘটে ৪৪তম ওভারে। ওলি পোপের মারা শটের পেছনে দৌড়েও তিনি রুখতে পারেননি বাউন্ডারি। বল স্লিপ খেয়ে বেরিয়ে যায় তাঁর থেকে। দ্বিতীয় ভুলটি ঘটে ৫০তম ওভারে। ফের পোপের মারা শটের পেছনে দৌড়ন অশ্বিন। কিন্তু এবার রজত পতিদারের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে বল পার করে বাউন্ডারি।
অশ্বিনের এই কীর্তিতে রীতিমতো ক্ষুব্দ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ঠিক যেমন ফিল্ডিং দেখা গিয়েছিল পাকিস্তানের ক্রিকেটারদের। এবার তেমনই ফিল্ডিং করলেন ভারতীয়রা। যা দেখে সমালােচনা শুরু হয়েছে। অধিকাংশেরই মত, খারাপ ফিল্ডিংয়ের জন্য অনেক সময় জয় হাতছাড়া হয়ে যায় বহু দলের। যদিও অনেকে আবার এটাও দাবি করেন যে মাঝেমধ্যে ক্রিকেটারদের থেকে এই রকম ভুল হতেই পারে।