INDIA: ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! BJP-র হাত ধরবেন নীতিশ?

রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার কর্পূরি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, “পরিবারতন্ত্র দেশ ও রাজ্যের রাজনীতিকে কুলষিত করছে।”

নীতীশের এই বক্তব্যকে গান্ধী পরিবার এবং লালুপ্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে আঘাত হিসেবে দেখা হচ্ছে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লালুকন্যা রোহিনী আচার্য নীতীশ কুমারকে নিশানা করেন। তিনি বলেন, “কেউ কেউ নিজেকে সমাজবাদী আদর্শের ধারক ও বাহক বলে তুলে ধরার চেষ্টা করছেন। অথচ তাঁরা রাজনীতিতে শিবির বদলের জন্য দক্ষ। ফের শিবির বদলের পরিকল্পনা নিয়েছেন বলেও জানা গেছে।”

এই পোস্টের পর থেকেই আরজেডি এবং জেডিইউ-র মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। সূত্রের খবর, নীতীশ কুমার লালুপ্রসাদের দলের উপর বেজায় ক্ষেপে গেছেন। বর্তমান সরকার ভেঙে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিতে চলেছেন বলে জানা গেছে।

আর সেক্ষেত্রে ফের বিজেপির হাত নীতীশের জেডিইউ ধরতে পারে বলে খবর। লোকসভা ভোটের আগে বিহারে ফের জেডিইউকে পাশে পেতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে।

এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার দিল্লি উড়ে গিয়েছেন বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরি। তিনি নীতীশ কুমারের সঙ্গে বিজেপিতে যোগদানের বিষয়ে আলোচনা করতে পারেন বলে জানা গেছে। তবে নীতীশ ফিরলেও, তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে নারাজ সম্রাট চৌধুরি। বিজেপির পক্ষ থেকে যাতে মুখ্যমন্ত্রী করা হয়, তার দাবি জানাতেই রাজ্য সভাপতির দিল্লি সফর বলে জানা গেছে।

নীতীশ কুমার যদি ফের বিজেপির দিকে যান, তাহলে লোকসভা ভোটের আগে বিরোধী জোটকে বড় ধাক্কা লাগবে। পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার।