স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া, উড়ালপুল থেকে ঝাঁপ মহিলার

শিলিগুড়িতে স্বামীর সঙ্গে ঝামেলার পর উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির উত্তরকন্যার কাছে কামরাঙ্গাগুড়িতে এই ঘটনাটি ঘটে।
মহিলার নাম সুপ্রিয়া রায়। জানা গিয়েছে, স্বামী প্রদীপ দে-এর সঙ্গে সিপাইপাড়াতে বাপের বাড়িতে থাকেন সুপ্রিয়া। প্রদীপ দে পেশায় টোটো চালক। চার বছর আগে ২ জনের প্রেম করে বিয়ে হয়। সম্প্রতি একটি বিয়ে বাড়িতে কোনও বিষয়ে ঝামেলা হয় তাঁদের মধ্যে। সেই নিয়েই বৃহস্পতিবার দুপুরে স্বামী স্ত্রীয়ের মধ্যে ব্যাপক ঝামেলার সৃষ্টি হয়। রাস্তার মধ্যেই তুমুল বচসায় লিপ্ত হন তাঁরা। সেই সময় অবশ্য স্বামীর টোটোতে করেই যাচ্ছিলেন ওই মহিলা।
এরপরেই কামরাঙ্গাগুড়িতে টোটো থেকে নেমে উড়ালপুল থেকে নীচে ঝাঁপ দেন মহিলা। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন উড়ালপুলের নীচে বাজারে থাকা একটি দোকানে বসে কথা বলছিলেন। সেই সময়ই মহিলা উপর থেকে নীচে পড়েন। তড়িঘড়ি তাঁকে একটি টোটোতে উঠিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মহিলার স্বামী প্রদীপ দে জানান, ঝামেলা চলছিল। স্ত্রী টোটো থেকে নেমে যান। এরপর বাঁচানোর চেষ্টা করলেও ঝাঁপ দিয়ে দেন তিনি।
চিকিৎসকরা জানান, মহিলা এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বারংবার এই ধরণের ঘটনার পর উড়ালপুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়।