‘চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন শেখ শাহজাহান’, দাবি কারামন্ত্রী অখিলের

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ইডির সমন পেলেও এখনো পর্যন্ত আত্মসমর্পণ করেননি। তিনি কোথায় আছেন, তা নিয়ে টানাপোড়েন চলছে। তবে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি দাবি করেছেন, শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গেছেন।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল গিরি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুলিশ হয়তো খুঁজে পাচ্ছে না। তবে অপরাধী ধরা পড়বে। শাহাজাহান অসুস্থ ছিলেন, তাই চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন।”

ইডির সমন পেয়ে শেখ শাহজাহান কি আত্মসমর্পণ করবেন, তা নিয়ে জল্পনা চলছে। এ বিষয়ে অখিল গিরি জানান, সেটা শেখ শাহজাহানের ব্যক্তিগত ব্যাপার। তবে এর আগেও একাধিক জনকে ডেকে পাঠানো হয়েছিল। ইডির কাছে তাঁরা সময় চেয়ে নিয়েছিলেন। শেখ শাহজাহান সময় চেয়ে নিতে পারেন অসুবিধা থাকলে।

উল্লেখ্য, বুধবার প্রচুর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সহযোগে ইডি আধিকারিকদের একটি টিম শেখ শাহজাহানের বাড়িতে যায় তল্লাশি করতে। বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়। এর আগে চলতি মাসের শুরুতেও তাঁর বাড়ি তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। জনরোষের মুখে পড়তে হয় তাঁদের। বেশ কিছু ইডি আধিকারিক আঘাতপ্রাপ্ত হন। ভাঙা হয় তাঁদের গাড়িও। এরপর ফের বুধবার তার বাড়িতে তল্লাশি চালানো হয়। রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে সন্দেশখালির এই তৃণমূল নেতাকে খুঁজে যাচ্ছে ইডি আধিকারিকরা।