হাতে ৫ দিন সময়! দ্বিতীয় তল্লাশিতেও শাহজাহানের বাড়ি থেকে খালি হাতে ফিরল ইডি

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে দ্বিতীয়বার তল্লাশি চালিয়েও খালি হাতে ফিরতে হল ইডিকে। বুধবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী সহযোগে ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে হানা দেন। তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি চালানো হয়। আলমারি ভেঙে চিরুনি তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে ইডি শাহজাহানের বাড়ির বাইরে দেওয়ালে সমনের নোটিশ টাঙিয়ে দেয়।
ইডি নোটিশ দিয়ে জানিয়ে দেয়, আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দফতরে হাজির দিতে হবে। সেদিন তিনি যদি হাজিরা দেন তাহলে সঙ্গে করে নিজের ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সঙ্গে করে নিয়ে আসতে হবে। এছাড়াও আরও বেশ কিছু প্রয়োজনীয় নথি নিয়ে যাওয়ার জন্যেই বলে দেওয়া হয়েছে।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহান শেখের বাড়িতে প্রথমবার হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। সেদিনকেও তালা ভাঙার চেষ্টা হলে নজিরবিহীন বাধার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। একরাশ লোক ঘিরে ধরে ইডি আধিকারিকদের। ইডি আধিকারিকদের উপর আক্রমণ করা হয়। ভাঙা হয় গাড়ি। কোনওরকমে প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন ইডি আধিকারিকরা। এরপর থেকেই শাহজাহান শেখ বেপাত্তা। প্রায় কুড়ি দিন হতে চলল শাহজাহান শেখের নাগাল পাননি রাজ্য পুলিশের কর্তারা।
সমনের জবাবে শাহজাহান শেখ কী হাজির হবেন ইডি দফতরে, সেটা সময়ই উত্তর দেবে। তবে, ইডির দ্বিতীয় তল্লাশিতেও শাহজাহানের বাড়িতে কোনও গুরুত্বপূর্ণ নথি বা সম্পত্তি পাওয়া যায়নি বলেই ইডি সূত্রে জানা গিয়েছে।