‘সবদিক সামলানো আমার পক্ষে অত্যাধিক চাপের’, কোর কমিটিতে স্থান না পাওয়া নিয়ে মুখ খুললেন কাজল শেখ

বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে বাদ পড়েছেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কাজল শেখ। এদিন কোর কমিটি গঠন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্থান পাননি কাজল। তাঁকে শুধুমাত্র নানুর ও কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কাজল শেখের ক্রমবর্ধমান ক্ষমতা এবং তাঁর বক্তব্যের বিতর্কিত বিষয়গুলির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে কোর কমিটিতে স্থান না পাওয়া নিয়ে মুখ খুলেছেন কাজল শেখ। তিনি বলেন, “দিদি যা ভালো বুঝেছেন করেছেন। আমাকে নানুর, কেতুগ্রামের মতো দুটো বিধানসভার দায়িত্ব দিয়েছেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে আমি খুশি। কারণ সবদিক সামলানো আমার পক্ষে অত্যাধিক চাপের হচ্ছিল। নানুর এবং কেতুগ্রাম আমার বাড়ির এলাকা। এই দুই কেন্দ্র আমার জন্য ঠিক আছে। পাশাপাশি প্রশাসনিক দিকটাও দেখতে পারব ভালো করে।”
লোকসভা নির্বাচনের আগে কাজলের ক্ষমতা খর্ব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিনের বৈঠকে ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দিয়েছেন দলনেত্রী। কোর কমিটির উদ্দেশে তাঁর বার্তা, যে ভাবে অনুব্রত মণ্ডল দল চালাতেন, সেই ভাবেই দল চালাতে হবে।
পাশাপাশি অনুব্রত মণ্ডল একদিন ছাড়া পাবেই এবং তিনি ফিরে এলে তাঁকে তাঁর জায়গা ফিরিয়ে দিতে হবে, স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ বীরভূমে দলের মুখ এখনও অনুব্রতই এবং তাঁর উপর ভরসা অটুট, সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
এখন দেখার এই কোর কমিটি কী ভাবে কাজ করে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূমে কেমন ফলাফল করে তৃণমূল।