‘ওরা কখনও ১০টা কখনও ১২টা আসন চাইছে’, ফের একা লড়াইয়ের বার্তা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে

সংহতি মিছিল থেকে ইন্ডিয়া জোট নিয়ে বড় বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনি ইন্ডিয়া জোটের নামকরণ করেছেন, কিন্তু যোগ্য মর্যাদা পান না। এরপর সিপিএমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তারা মিটিং নিয়ন্ত্রণ করে।
এই বক্তব্যের পর থেকে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৪২টি আসনেই লড়াইয়ের জন্য প্রস্ততি রাখতে হবে। মঙ্গলবার ফের একবার একা লড়াইয়ের বার্তা শোনা গেল তাঁর কণ্ঠে। তিনি বলেন, “ওরা কখনও ১০টা কখনও ১২টা আসন চাইছে।”
এদিকে, মমতার বক্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চায় তৃণমূল। সিপিএম একটি বাহানামাত্র।”
তবে, রাহুল গান্ধী মমতার সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আসন সমঝোতা নিয়ে আলোচনা করা হচ্ছে। মমতার সঙ্গে আমার ও দলের ভালো সম্পর্ক রয়েছে। কখনও কখনও কেউ কেউ কিছু বলে। এর কোনও প্রভাব পড়বে না।”
এখন দেখার, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী হয়? তারা আসন ভাগাভাগির জন্য কী পন্থা বেছে নেয়?