রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে ফুলের দাম আকাশছোঁয়া, বিয়ের মৌসুমেও বিপাকে ক্রেতারা

উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির সাজানোর জন্য ব্যাপক পরিমাণে ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় ফুলের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। বিশেষ করে বিয়ের লগ্ন থাকায় এই দাম আরও বেড়ে গেছে। ফলে বিয়ের অনুষ্ঠানে বিড়ম্বনায় পড়েছেন অনেকে।

কলকাতার মল্লিকঘাটসহ রাজ্যের ফুলবাজারগুলিতে আজ গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গোলাপ, দেবদারু, কামিনি, বাহারি পাতাসহ বিভিন্ন ফুলের দাম ঊর্ধ্বমুখী। একটি রজনীগন্ধার চেনের দাম ৭০০ টাকা, গোলাপও ৭০০। লাল গাঁদার মালা (২০টি) ২০০ টাকা, হলুদ গাঁদার মালা (২০টি) ৩০০ টাকা, চন্দ্রমল্লিকা(১২টি)৬০ টাকা, কামিনি (ব্যারেল) ২০০০, দেবদারু ১২০০।

বিয়ের অনুষ্ঠানের জন্য ফুল কিনতে গিয়ে অনেকেই চরম বিপাকে পড়েছেন। আবেশ নস্কর নামক ধুলাগড়ের এক বাসিন্দা বলেন, “আমি ২১ তারিখ গোলাপ কিনতে গিয়েছিলাম। আমার দাদার বিয়ে ২২ তারিখ। কিন্তু, দাম শুনে রীতিমতো চোখ কপালে উঠল। এত দাম দিয়ে ফুল কেনা যায় নাকি! যতটুকু না নিলেই নয়, ততটুকুই নিয়েছি। শুনেছি রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। আর সেই কারণেই এই অস্বাভাবিক দাম বৃদ্ধি।”

কিছু ক্ষেত্রে আগে থেকে টাকা দিয়ে রেখেও ফুল পাওয়া যাচ্ছে না। ফুলের জোগান কম থাকায় এই সমস্যা দেখা দিয়েছে বলে অনেকে দাবি করছেন।