সিনেমার মতো ঘটনা, পুলিশের গাড়ি থেকে খুনের আসামি স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী!

সিনেমায় প্রায়ই নায়ক কর্তৃক নায়িকা উদ্ধারের ঘটনা প্রায়ই দেখা যায়। তবে ভারতে এবার ঘটলো ভিন্ন ঘটনা। এক নারী স্কুটি নিয়ে এসে পুলিশের গাড়ি থেকে খুনের মামলায় অভিযুক্ত স্বামীকে ছিনিয়ে নিয়ে পালিয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের মথুরায় ঘটেছে এই ঘটনা।

জানা যায়, বিচারাধীন ওই আসামির নাম অনিল। তার বিরুদ্ধে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ দুই রাজ্যেই আটটি মামলা চলছে। মথুরা জেলে বন্দি ছিলেন অনিল। আদালতে শুনানি শেষে অনিলকে আবার মথুরা জেলে নিয়ে যাচ্ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং দুই কনস্টেবল। কিন্তু মাঝ পথে আচমকাই স্কুটি নিয়ে অনিলের স্ত্রী আবির্ভাব। প্রিজন ভ্যানের সামনে গাড়ি দাঁড় করিয়ে, স্বামীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্কুটিতে চেপে পালিয়ে যান।

এদিকে, এই ঘটনায় হুলস্থূল পড়ে যায় মথুরায়। কীভাবে এই ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, তিনজন পুলিশ সদস্য থাকা সত্ত্বেও কীভাবে বন্দিকে ছিনিয়ে নিয়ে গেলেন একজন নারী। পুলিশ সদস্যরা কি বাধা দেওয়ার চেষ্টা করেননি? তাহলে কি পুলিশ সদস্যদের সঙ্গেই কোনো যোগসাজশ ছিল? প্রশ্ন উঠছে যে, ওই সময়ে ওই রাস্তা ধরেই যে প্রিজন ভ্যানটি আসছে, সেটি কীভাবে খবর পেলেন অনিলের স্ত্রী? শুধু অনিলের স্ত্রীই ছিলেন, না কি আরও কেউ তাকে সহযোগিতা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গাফিলতির অভিযোগে বন্দির নিরাপত্তায় থাকা তিন পুলিশ সদস্যর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। অনিল এবং তার স্ত্রীর খোঁজে তল্লাশি চলছে।