ঢাকায় শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অনুষ্ঠানে থাকছেন শর্মিলা ঠাকুর

ঢাকায় শুরু হয়েছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার, ঢাকার জাতীয় জাদুঘরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এরই সঙ্গে এই উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করছেন শর্মিলা ঠাকুর।

শুক্রবার সন্ধ্যাতেই ঢাকায় চলে এসেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। আহমেদ মুজতবা জামাল জানান, শনিবার বিকাল ৪টার সময় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শর্মিলা ঠাকুর।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

উৎসবটি ৯ দিনব্যাপী চলবে। এশিয়ান প্রতিযোগিতা বিভাগে, বিচারক হিসাবে, ছবিগুলি দেখে সেরা সিনেমা বাছাই করবেন এই অভিনেত্রী।

এছাড়াও, শনিবার এবং রবিবার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে চলচ্চিত্রে মহিলাদের ভূমিকা নিয়ে ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ আয়োজন করা হবে। শনিবার সকাল সাড়ে ৯টায় স্যামসন লাউঞ্জে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কনফারেন্স উদ্বোধন করবেন শর্মিলা ঠাকুর। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

এদিকে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হচ্ছে মাস্টারক্লাস। সেই মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি সিনেমার পরিচালক এবং প্রযোজক মাজিদ মাজিদি। এছাড়াও এই উৎসবে এবং মাস্টারক্লাসে থাকবেন সঙ্গীতশিল্পী এবং অভিনেতা অঞ্জন দত্ত।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শর্মিলা ঠাকুর, মাজিদ মাজিদি ও অঞ্জন দত্তের আগমন এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলবে।